মা হ মু দু ল আ মি ন
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী এবং মুক্তিযোদ্ধার সন্তান এসআই টুটুল এখন মঞ্চে গান গাওয়ার চেয়ে দেশ ও দেশের মানুষের জন্য কিছু করার কাজেই নিজেকে বেশি ব্যস্ত রাখতে ভালোবাসেন। যে কারণে তিনি স্বল্প খরচে কিডনী রোগীদের জন্য কিডনী ডায়ালেসিস করার সুযোগ করে দেওয়া প্রতিষ্ঠান ‘সোনার বাংলা ফাউন্ডেশন’র গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিবেদিত হয়ে কাজ করছেন। যখন যেখানেই এই ফাউন্ডেশনের কাজ থাকছে তিনি স্বপ্রণোদিত হয়েই ছুটে যাচ্ছেন। কিছুদিন আগে ‘সোনার বাংলা ফাউন্ডেশন’ থেকে একটি অনলাইন কনসার্টের আয়োজন করা হয়। সেখানেও তার কর্তৃত্ব ছিল চোখে পড়ার মতো। মূলত কিডনী রোগীদের সহায়তা প্রদানের উদ্দেশে ফান্ড গঠনের লক্ষ্যে এই অনলাইন কনসার্টের আয়োজন করা হয়। এদিকে গত ২৫ জানুয়ারি বাংলাদেশ হাইটেক পার্ক কৃর্তপক্ষ এবং সোনার বাংলা ফাউন্ডেশন-বাংলাদেশ’র মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়। ফাউন্ডেশনটির জন্য কিডনী ডায়ালেসিস মেশিন প্রস্তুত, সংযোজন ও মেরামতের জন্য ১.৩৩ একর জমি বরাদ্দের চুক্তি স্বাক্ষরটি অনুষ্ঠিত হয় রাজধানীর গল্ফ গার্ডেন ক্লাবে। সেখানে উপস্থিত ছিলেন এসআই টুটুল। তিনি বলেন, ‘শিল্পী হিসেবেই শুধু নয় একজন মানুষ হিসেবে আমি আমার দায়িত্বের জায়গা থেকে মানুষের জন্য কিছু করার উদ্দেশ্যে এই ফাউন্ডেশনের পাশে দাঁড়িয়েছি। বাংলাদেশে অনেক মানুষ কিডনী জটিলতায় ভোগেন। তাদের খুব কম টাকায় চিকিত্সা দেওয়ার জন্যই এই ফাউন্ডেশন এগিয়ে এসেছে। শুধু তাই নয়, এই ফাউন্ডেশন লালমনির হাটে একটি নার্সিং ইন্সটিটিউট গড়ে তুলেছে। যেখানে গরীব ছাত্র-ছাত্রীরা নিজেদের নার্স হিসেবে গড়ে তুলে আগামীতে দেশ-বিদেশে ছড়িয়ে পড়বে। আমি তাদের সঙ্গে থাকতে পেরে গর্বিত, আনন্দিত।’ উল্লেখ্য, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ হাইটেক পার্কের এমডি ও সচিব হোসনে আরা বেগম, সোনার বাংলা ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ ওয়াহিদ হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এদিকে আজ এস আই টুটুল আরটিভি আয়োজিত ‘বাংলার গায়েন’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানের রেকর্ডিংয়ে অংশ নিবেন। এতে তার সঙ্গে আরো বিচারক হিসেবে উপস্থিত থাকবেন শওকত আলী ইমন ও ইবরার টিপু।