রে জা উ ল ক রি ম খো ক ন
হলিউডি সিনেমা ‘দ্য হোয়াইট টাইগার’ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সম্প্রতি। অল্প সময়ের ব্যবধানে জনপ্রিয় এই ওটিটি প্লাটফর্মে নতুন আরেকটি হলিউডি সিনেমায় দেখা গেল প্রিয়াঙ্কা চোপড়াকে। গত বছরের শেষ ক্রিস্টমাসে নেটফ্লিক্সে মুক্তি পায় প্রিয়াঙ্কা অভিনীত হলিউডি সুপার হিরো কিডস মুভি ‘উই ক্যান বি হিরোজ’। শিশুতোষ অ্যাডভেঞ্চার সিনেমাটিতে তাকে অন্যতম প্রধান ভূমিকায় দেখা গিয়েছিল। সেখানে প্রিয়াঙ্কা অভিনীত চরিত্রের নাম ছিল মিস গ্রানাডা। হালে মুক্তিপ্রাপ্ত নতুন সিনেমা ‘দ্য হোয়াইট টাইগার’-এর গল্প ভারতের পটভূমিকায় হলেও ছবিটি মূলত হলিউডের। ম্যান বুকারস পুরস্কারপ্রাপ্ত ভারতীয় লেখক অরবিন্দ আদিগার উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন বহু পুরস্কারজয়ী ইরানি বংশোদ্ভুত চিত্রনির্মাতা রামিন রাহরানি। আমেরিকা থেকে দেশে ফিরে আসা এক ভারতীয় তরুণ দম্পতির গাড়ির সাধারণ ড্রাইভারের ধুর্ততার মাধ্যমে বিত্ত বৈভবের মালিক হওয়ার চাঞ্চল্যকর কাহিনি তুলে ধরা হয়েছে সুনির্মিত ছবিটিতে। ‘দ্য হোয়াইট টাইগার’ ছবিতে আমেরিকায় দীর্ঘসময় কাটিয়ে দেশে ফিরে আসা এক প্রবাসী ভারতীয় তরুণী গৃহবধু পিঙ্কি ম্যাডামের ভূমিকায় অভিনয় করেছেন সাবেক বিশ্বসুন্দরী এই জনপ্রিয় বলিউড তারকা অভিনেত্রী। সাম্প্রতিক সময়ে ঝড়তোলা এই হলিউডি ছবিটিতে যতটুকু অভিনয়ের সুযোগ পেয়েছেন তার পুরোটাই কাজে লাগিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। যা ইতিমধ্যেই সমালোচক দর্শকদের প্রশংসা অর্জন করেছে। উল্লেখ্য, ‘দ্য হোয়াইট টাইগার’ ছবিটির অন্যতম প্রযোজকও প্রিয়াঙ্কা। গত বেশ ক’বছর ধরে তার অভিনয় ও অন্যান্য ব্যস্ততা মূলত হলিউডকেন্দ্রিক হয়ে পড়েছে। আজকাল তাকে বলিউডের সিনেমায় দেখা যায় না বলা চলে। শেষবারের মতো প্রিয়াঙ্কা ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডি সিনেমা ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এ দেখা গিয়েছিল। প্রিয়াঙ্কা এতদিন বলিউডকেন্দ্রিক থাকলেও গত ২০১৫ সাল থেকে হলিউডে নিজের কর্মকাণ্ড বিস্তৃত করেছেন। একটানা তিন বছর দুনিয়াজুড়ে ব্যাপক ঝড় তোলা থ্রিলার ড্রামা টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তে মূল ভূমিকায় দাপনের সঙ্গে অভিনয় করে গ্লোবাল স্টারে পরিণত হন তিনি। ‘কোয়ান্টিকো’র পর হলিউডের অ্যাকশন সিনেমা ‘বেওয়াচ’-এ তাকে অন্যতম প্রধান একটি চরিত্রে দেখা যায়। যা প্রিয়াঙ্কার আন্তর্জাতিক খ্যাতি পরিচিতি ও জনপ্রিয়তাকে আরো বিস্তৃত করে তোলে। এরপর তাকে আমেরিকান কমেডি ড্রামা সিনেমা ‘এ কিড লাইক জেক’ এবং রোমান্টিক কমেডি ফিল্ম ‘ইজ নট ইট রোমান্টিক’-এ দেখা গেছে অন্যতম প্রধান ভূমিকায়। গত বছর মুত্তিপ্র্রাপ্ত হলিউডি হরর সিনেমা ‘ইভিল আই’ মুক্তি পেয়েছে, যার অন্যতম প্রযোজক প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে তিনি যে দুটি নতুন সিনেমার অভিনয় নিয়ে ব্যস্ত রয়েছেন সেগুলোও হলিউডের। এর মধ্যে একটি হলো সাড়া জাগানো সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমা ‘ম্যাট্রিক্স ফোর’। ম্যাট্রিক্স ফ্রাঞ্চাইজির চতুর্থ ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে পিসিকে। এ বছরই ছবিটি মুক্তি পাবে। হলিউডি রোমান্টিক ড্রামা ‘টেক্সট ফর ইয়্যু’তে প্রধান নায়িকার ভূমিকায় দেখা যাবে বিখ্যাত তারকা স্যাম হিউগ্যান, সেলেন ডিউন, রাসেল টোভি, স্টিভ ওরাম প্রমুখের সঙ্গে। এ বছরেই সব কাজ শেষ করে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। ২০১৮ সালে আমেরিকান জনপ্রিয় তরুণ গায়ক অভিনেতা নিক জোনাসকে বিয়ের পর থেকে প্রিয়াঙ্কা আমেরিকাতেই বসবাস করছেন বেশিরভাগ সময়জুড়ে। প্রিয়াঙ্কা অভিনেত্রী-গায়িকা-প্রযোজক হিসেবে ভারতের সীমা ছাড়িয়ে বৈশ্বিক পরিমণ্ডলে নিজেকে উজ্জ্বলভাবে তুলে ধরে গ্লোবাল স্টারের মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। ‘দ্য হোয়াইট টাইগার’ ছবিটি এ ক্ষেত্রে আরো অনেকটা এগিয়ে দিল তাকে— এমনটি বলা যায় অনায়াসেই।