ইরানের বিরুদ্ধে অভিযানের বিষয়টি পুনর্বিবেচনা করছে ইসরাইল

ইসরাইলি সামরিক বাহিনীর প্রধান জেনারেল আবিব কোহাবির মন্তব্য

 রয়টার্স ও আলজাজিরা

ইরানের বিরুদ্ধে অভিযান পরিকল্পনা পুনর্বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ইসরাইলি সামরিক বাহিনীর প্রধান জেনারেল আবিব কোহাবি। তিনি সতর্ক করে আরো বলেছেন, তেহরানের সঙ্গে করা পারমাণবিক চুক্তিতে কোনোভাবে যুক্তরাষ্ট্রের ফিরে আসাটা ‘ভুল’ হবে।

তেল আবিব বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ন্যাশনাল স্টাডিজে মঙ্গলবার দেওয়া এক বক্তৃতায় কোহাবি বলেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি অস্ত্র নির্মাণের জন্য নয়, শান্তিপূর্ণ উদ্দেশ্যে বলে দাবি করলেও এসব পদক্ষেপ দেখাচ্ছে দেশটি শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্র নির্মাণের সিদ্ধান্তের দিকে দ্রুতগতিতে এগিয়ে যেতে পারে। তিনি বলেন, ‘এসব মূলগত বিশ্লেষণের আলোকে আমি ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীগুলোকে ইতিমধ্যেই যেগুলো আছে তার অতিরিক্ত আরো অনেকগুলো অভিযান পরিকল্পনা প্রস্তুত করার নির্দেশ দিয়েছি। অবশ্যই এগুলো বাস্তবায়নের বিষয়গুলো রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে, কিন্তু এসব পরিকল্পনা প্রস্তুত অবস্থায় থাকা দরকার।’

কোহাবি বলেন, ‘২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে ফিরে আসা, অথবা যদি বেশকিছু সংস্কারসহ একই ধরনের সমঝোতা হয়, তা অভিযান ও কৌশলগত দৃষ্টিকোণ থেকে খারাপ ও ভুল হবে।’ ইসরাইলের শীর্ষ জেনারেলের এই মন্তব্যে ইরানের সঙ্গে যে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়ার বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণের ক্ষেত্রে ইসরাইলের সামরিক বাহিনী প্রধানের এ ধরনের মন্তব্য বিরল ঘটনা এবং সম্ভবত ইসরাইলি সরকারের অনুমোদন পেয়েই তিনি এমনটি বলেছেন।