গোবিন্দগঞ্জ পৌরসভা নির্বাচন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
আগামী ৩০ জানুয়ারি পৌরসভা নির্বাচনকে ঘিরে গোবিন্দগঞ্জ পৌর শহরে প্রার্থীদের গণসংযোগের পাশাপাশি জমজমাট প্রচার-প্রচারণা চলছে। পোস্টারে ছেয়ে গেছে পুরো পৌর শহর। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী কেন্দ্রীয় কৃষক লীগ সদস্য খন্দকার জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুকিতুর রহমান রাফি, পৌর বিএনপির সভাপতি ফারুক আহম্মেদ, ইসলামী আন্দোলনের আনিছুর রহমান এবং একমাত্র নারী স্বতন্ত্র মেয়র প্রার্থী জহুরা খাতুন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া নিজ নিজ ওয়ার্ডে প্রচারণা চালিয়ে যাচ্ছেন ১২ জন সংরক্ষিত নারী ও ৪১ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী।
প্রার্থীদের মতবিনিময় সভা
নেত্রকোনা প্রতিনিধি জানান, আগামী ৩০ জানুয়ারি নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত রয়েছেন। এদিকে নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে হয় সেজন্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নিয়ে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নলছিটিতে জমে উঠেছে প্রচারণা
ঝালকাঠি প্রতিনিধি জানান, ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য নলছিটি পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী শুরু থেকেই পোস্টার ঝুলিয়ে মাঠে না থাকায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে মনোনয়নপত্র বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থী মাসুদ খানের মনোনয়ন বাতিল হয়। এরপর মনোনয়নের বৈধতা পেতে তিনি মামলা জটিলতায় জড়িয়ে পড়েন। এক সপ্তাহ আগে মোবাইল প্রতীক নিয়ে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশনায় মনোনয়ন বৈধ হওয়ায় মাঠে আসতে সক্ষম হয়েছেন। তাই শেষ সময়ে নলছিটি পৌর নির্বাচনে বিএনপি প্রার্থী মাঠে না থাকলেও মাসুদ খান চলে আসায় নির্বাচন জমে উঠেছে।