টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
র্যাব-৭-এর সদস্যরা টেকনাফে মুরগির খামারে অভিযান চালিয়ে ১ লাখ ২২ হাজার ১৪০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে। মঙ্গলবার রাতে চট্টগ্রাম র্যাব-৭-এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউপির উত্তর লম্বরী হযরত ফাতেমা (রা) আদর্শ নুরানী মাদ্রাসার পশ্চিমে আহমদ কবিরের মুরগির খামারের টিনের ঘরে অভিযানে যায়। এ সময় টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে ঘরের মালিক আহমদ কবিরকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে ঘরে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের ড্রামের ভেতরে বিশেষ কায়দায় রক্ষিত ১ লাখ ২২ হাজার ১৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ইয়াবাসহ আটককৃতকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানিয়েছেন।