ডিএসইর লেনদেন হাজার কোটি টাকার নিচে নামল

ইত্তেফাক রিপোর্ট

টানা তিন কার্যদিবস দর কমার পর গতকাল বুধবার দেশের শেয়ারবাজারে মূল্য সূচক কিছুটা বেড়েছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ কমে হাজার কোটি টাকার নিচে নেমেছে। মূল্য সূচকের উত্থানের দিনে ডিএসইতে লেনদেনের পরিমাণ বড় অঙ্কে কমে গেছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৯০৫ কোটি ৯০ লাখ টাকা, যা আগের কার্যদিবসে ছিল ১ হাজার ১২৫ কোটি টাকা। এই হিসাবে লেনদেন কমেছে ২১৯ কোটি ৫৫ লাখ টাকা। এর ফলে ২০ ডিসেম্বরের পর ডিএসইতে সর্বনিম্ন লেনদেন হলো। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে মোট ৩৫৪টি কোম্পানির ২১ কোটি ৯৬ লাখ ৮০ হাজার ২১৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৯ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ৫৭১৪ দশমিক ৭৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৫ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ২১৭৮ দশমিক ৬০ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক শূন্য দশমিক ৪০ পয়েন্ট বেড়ে ১২৭৯ দশমিক ৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৮টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১০১টি কোম্পানির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো—বেক্সিমকো লিমিটেড, রবি অজিয়াটা, বিএটিবিসি, বেক্সিমকো ফার্মা, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ইপিজিএল, স্কয়ার ফার্মা, ইউপিজিডিসিএল, সামিট পাওয়ার ও সিটি ব্যাংক।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—বীকন ফার্মা, ইস্টার্ন ইনসিওরেন্স, ম্যাকসন স্পিনিং, আইসিবি, এইচএফএল, এনবিএল, সিটি ব্যাংক, বিএটিবিসি, এস আলম কোল্ড রোল্ড ও আলিফ ইন্ডাস্ট্রিজ।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—ইপিজিএল, মেঘনা পেট, তাল্লু স্পিনিং, ইনটেক লিমিটেড, বিডি ল্যাম্পস, ডমিনেজ স্টিল, রূপালি ইনসিওরেন্স, বেক্সিমকো লিমিটেড, রিপাবলিক ইনসিওরেস্ট ও প্রাইম ব্যাংক।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই গতকাল বেড়েছে ৫৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৪৭ কোটি ২৭ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৪২টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ৯৫টির এবং ৫৪টির দর অপরিবর্তিত রয়েছে।