স্থানীয় তৈরি পোশাকশিল্প ও এসএমইকে বৈদেশিক মুদ্রায় আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে অস্ট্রিয়ার উন্নয়ন ব্যাংক ওইইবির সঙ্গে একটি মেয়াদি সুবিধা চুক্তি সম্পাদন করেছে বেসরকারি খাতের ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল)। প্রতিযোগিতামূলক সুদের হারে এই আর্থিক সুবিধা পাবে সংশ্লিষ্ট গ্রাহকরা।
ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এ প্রসঙ্গে বলেন, এর মাধ্যমে ওইইবির সঙ্গে সূচিত সম্পর্কের ফলে দেশের গুরুত্বপূর্ণ খাতগুলোর টেকসই উন্নয়ন নিশ্চিত হবে, যা দেশের অর্থনীতিতে তাত্পর্যপূর্ণ অবদান রাখবে। সংস্থাটির নির্বাহী পর্ষদের সদস্য সাবিন গেবার এবং মাইকেল ওয়ানকাটা বলেন, বহু বছর ধরেই আমরা একটি কৌশলগত লক্ষ্য নিয়ে কাজ করছি, আর তা হলো এসএমইদের জন্য আর্থিক সুবিধার লাভের সুযোগ করে দেওয়া। কোভিড-১৯ মহামারিকালে এই বিষয়টি আরো বেশি গুরুত্ব পাচ্ছে, কারণ এসএমইগুলো মহামারির কারণে খুব বাজেভাবে খতিগ্রস্ত হয়েছে। সারা দেশে এসএমইদের কাছে পৌঁছানোর জন্য ইবিএলের মতো আদর্শ একটি পার্টনার পেয়েছি। আমরা উভয়ে মিলে বাংলাদেশের বেসরকারি খাতকে আরো দৃঢ় ভিত্তির ওপর স্থাপন করতে, কাজের সুরক্ষা প্রদানে ও নতুন কাজের সুযোগ সৃষ্টিতে অবদান রাখতে সক্ষম হবো।—প্রেস বিজ্ঞপ্তি