উন্নত বাংলাদেশ গড়তে ব্যবসা সহজীকরণ সূচকে উন্নতি করতে হবে

ইত্তেফাক রিপোর্ট

উন্নত বাংলাদেশ গড়তে ইজ অব ডুইয়ং বিজনেস অর্থাত্ ব্যবসা সহজীকরণের সূচকে উন্নতি করতে হবে বলে উল্লেখ করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, ব্যবসা সহজ করা সূচকে কোন দেশের অবস্থান কতটুকু—এ নিয়ে প্রতি বছর বিশ্বব্যাংক তাদের রিপোর্ট প্রকাশ করে। ২০১৯ সালে প্রকাশিত রিপোর্টে আট ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ১৯০টি দেশের মধ্যে ১৬৮তম হলেও তা আশাব্যঞ্জক নয়, তাই দেশে ব্যবসা-বাণিজ্য সহজীকরণের জন্য নানা ধরনের সংস্কার কর্মসূচি নেওয়া হয়েছে, আর এ লক্ষ্যেই কাজ করে চলছে বিডা। গতকাল রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে ব্যবসা সহজীকরণ সূচকবিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিডার নির্বাহী সদস্য মো. বিল্লাল হোসেনের সভাপতিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ব্যবসা সহজীকরণের তিনটি সূচক, যথা—ব্যবসা শুরু করা, নির্মাণ অনুমোদন এবং সম্পত্তি রেজিস্ট্রেশন সূচকসমূহে এ পর্যন্ত বাস্তবায়িত সংস্কার এবং ভবিষ্যত্ করণীয় সম্পর্কে অবহিত করা হয়। এ সময়ে বিডার পরিচালক জীবন কৃষ্ণ সাহা রয় তিন সূচকে বর্তমান অগ্রগতির চিত্র তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে মো. সিরাজুল ইসলাম আরো বলেন, ব্যবসা সহজীকরণের যে ১০টি সূচক আছে তা নিয়ে কাজ করে যাচ্ছে বিডা, এর জন্য আমরা বিভিন্ন আইনের সংস্কারসহ নানা ধরনের সুপারিশ করছি এবং তা বাস্তবায়িতও হয়েছে।