স্পোর্টস রিপোর্টার
গাজীপুরের টঙ্গীতে গতকাল প্রথম প্রিমিয়ার ফুটবল লিগের ম্যাচ হয়ে গেল। দারুণ এক উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখা গেছে। ঢাকায় শেখ জামাল ও আরামবাগের খেলায় ছয় গোল দেখেছেন দর্শক। আর টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামেও ছয় গোল দেখেছেন দর্শক। ব্রাদার্স ও বারিধারার এই ম্যাচ ৩-৩ গোলে ড্র হয়েছে। এই ম্যাচের সবগুলো গোল হয়েছে দ্বিতীয়ার্ধে। গোলের শুরুটা করেছিলেন বারিধারার অধিনায়ক সুমন। তারপরই গোল আর পালটা গোলে স্টেডিয়ামের দর্শক আনন্দে-উত্তেজনায় ফেটে পড়ে। ব্রাদার্সের শফিকুল, উজবেক ফুটবলার ফুরকাত জন খাসানবোয়েভ, নাইজেরিয়ার স্যামসন ইলিয়াসু এবং বারিধারার সুমন ছাড়াও উজবেক ফুটবলার ইভজেনি কচনেভ, জুয়েল গোল করে হার থেকে বাঁচান। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে প্রিমিয়ার লিগে দুই দলই কাল প্রথম পয়েন্টের মুখ দেখল। তৃতীয় ম্যাচে এসে ড্র করল গাজীপুরের মাঠে। ফেডারেশন কাপ ফুটবলে গ্রুপ পর্বের খেলায় বারিধারা ৩-০ গোলে ব্রাদার্সকে হারিয়েছিল। এবার সুযোগ এলেও বেঁচে গেছে ব্রাদার্স।