স্পোর্টস রিপোর্টার
শেখ জামাল ধানমন্ডি ক্লাবের গাম্বিয়ান ফুটবলার ওমর জোবে এবারের প্রিমিয়ার লিগের প্রথম হ্যাটট্রিক করলেন। তার হ্যাটট্রিকের ওপর ভর করে শেখ জামাল ৬-০ গোলে আরামবাগকে হারিয়েছে। লিগের প্রথম হ্যাটট্রিকের পাশাপাশি এটি লিগের সবচেয়ে বড় জয়। শেখ জামালের বিপক্ষে বিন্দুমাত্র প্রতিরোধ গড়তে পারেনি আরামবাগ। তাদের বিদেশি ফুটবলার কেউ ইনজুরিতে, খেলছে না। ভারতীয় কোচ সুব্রত চলে গেছেন। ভারতের আরেক জন সহকারী থাকলেও তিনি চলে যাবেন যে কোনো মুহূর্তে। অস্ট্রেলিয়ান কোচ আসবেন বলে শোনা যাচ্ছে। তার আগেই যেভাবে আরামবাগ শেখ জামালের কাছে বিধ্বস্ত হলো তা কাটিয়ে উঠা আরামবাগের জন্য কঠিন হবে।
আরামবাগের দুর্বলতার পুরো সুযোগ কাজে লাগিয়েছেন শেখ জামালের কোচ শফিকুল ইসলাম মানিক, চার বিদেশি খেলিয়েছেন। আক্রমণের স্রোতে ভাসিয়ে দিয়ে দুর্বল আরামবাগের জালে হাফডজন গোল করেছে সাবেক লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল।
ম্যাচের ৬ গোলই করেছেন গাম্বিয়ান দুই ফুটবলার। ৪টি ওমর জোয়ে এবং দুইটি সুলাইমান শিলাহ। প্রথমার্ধে ওমর জোবে ১, সুলাইমান শিলাহ গোল করেন ৩-০। দ্বিতীয়ার্ধে ৬০, ৬২ এবং ৯০ মিনিটে টানা তিন গোল করেন ওমর জোবে ৬-০।
টানা চতুর্থ জয়ে শীর্ষে বসুন্ধরা
গতকাল রাতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় খেলায় লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ৩-০ গোলে রহমতগঞ্জকে হারিয়েছে। ব্রাজিলিয়ান রবসন পেনাল্টিতে গোল করেন ১-০। বিরতির আগ মুহূর্তে রহমতগঞ্জের আত্মঘাতী গোলে এগিয়ে যায় বসুন্ধরা ২-০। ৮৬ মিনিটে সবুজ গোল করেন ৩-০। ৪ খেলায় ১২ পয়েন্ট নিয়ে শির্ষে বসুন্ধরা।
আজকের খেলা : মোহামেডান ও আবাহনী। ৩টা, কুমিল্লা। চট্টগ্রাম আবাহনী ও শেখ রাসেল। মুক্তিযোদ্ধা ও সাইফ স্পোর্টিং। ৩টা ৩০ ও ৬টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম।