মঙ্গলবার কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনালে এসি মিলানকে ২-১ গোলে হারিয়ে সেমিতে উঠেছে অ্যান্থনিয়ো কন্তের ইন্টার মিলান। তবে এই নকআউট মিলান ডার্বির মাঠের খেলা ছাপিয়ে ম্যাচশেষে আলোচনার কেন্দ্রস্থলে উঠে এসেছে ইন্টার তারকা রোমেরো লুকাকু ও মিলান তারকা জ্লাতান ইব্রাহিমোভিচের বাগবিতণ্ডা। ম্যাচের ৩১ মিনিটে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান মিলানের মূল তারকা ইব্রাহিমোভিচ। বিরতির আগে এক ফাউলকে কেন্দ্র করে লুকাকুর সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন ইব্রা। হাতাহাতির পর্যায়েও চলে গিয়েছিল। যার ফলশ্রুতিতে হলুদ কার্ড দেখেন দুই জনই। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে ইন্টার ডিফেন্ডার আলেক্সান্দার কোলোরভকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ইব্রা। তার বিদায়ে দুর্বল হয়ে পড়ে ১০ জনের মিলান। এরপর ৭১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান লুকাকু। যোগ করা সময়ের সপ্তম মিনিটে দুর্দান্ত এক ফ্রিকিকে মিলান গোলরক্ষককে পরাস্থ করেন ইন্টার মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসন।