ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ধামরাইয়ের পল্লি রাজাপুরে সরকারি অর্থায়নে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপিত হওয়ায় এলাকায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। প্রতিষ্ঠানটির নির্মাণকারী প্রতিষ্ঠান শফিক এন্টারপ্রাইজের মালিক শফিকুল ইসলাম জানান, প্রায় সাড়ে ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রতিষ্ঠানটি কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এলাকাবাসীর পক্ষ থেকে সরকারকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে রাজাপুরের অধিবাসী দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক যুগ্মসচিব মো. আওলাদ হোসেন খান, রাজাপুর বেগম আনোয়ারা গার্লস কলেজের প্রতিষ্ঠাতা আব্দুল আলীম খান সেলিম, আয়কর আইনজীবী অ্যাডভোকেট এ আর খান রানা প্রমুখ বলেন, প্রতিষ্ঠানটি গড়ে ওঠায় এলাকার শিক্ষায় নতুন মাত্রা যোগ হলো। যুগোপযোগী কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি সৃষ্টিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদী।