ইত্তেফাক রিপোর্ট
রাজধানীতে চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানের সপ্তম দিনে পুলিশ গ্রেফতার করেছে ২৪ জনকে। গতকাল বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি) মো. মাহবুব আলম। তিনি জানান, মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের জোনাল টিম মুগদা এলাকা থেকে এক মহিলাসহ ৯ জনকে গ্রেফতার করে। এ সময় উদ্ধার করা হয় একটি চাপাতি ও দুইটি ছোরা। অপর এক অভিযানে রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিম হাজারীবাগ এলাকা থেকে অজ্ঞান পার্টির ৯ সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে অজ্ঞান করার কাজে ব্যবহূত পাঁচটি স্প্রে, চারটি গুল, বিভিন্ন কোম্পানির আটটি মলম ও তিন প্যাকেট মরিচের গুঁড়া জব্দ করা হয়।
আরেক অভিযানে গোয়েন্দা মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম তেজগাঁও এলাকা থেকে সংঘবদ্ধ মোবাইল চোরাকারবারি দলের সক্রিয় ছয় সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩০টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, ছিনতাইকারী, ডাকাত, মলমপার্টি প্রতিরোধে গত ২০ জানুয়ারি থেকে রাজধানীতে চলছে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান।