রেইনট্রি হোটেলে ধর্ষণ
ইত্তেফাক রিপোর্ট
বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণীকে ধর্ষণের মামলায় রাষ্ট্রপক্ষে ম্যাজিস্ট্রেটসহ দুই জন সাক্ষ্য দিয়েছেন। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম কামরুন্নাহার গতকাল বুধবার তাদের জবানবন্দি গ্রহণ করেন। সাক্ষ্য প্রদানকারীরা হলেন—ম্যাজিস্ট্রেট মো. খুরশীদ আলম ও মদিনা ফার্মেসির সেলসম্যান মিঠুন চন্দ্র দাস। আদালত আগামী ১৭ ফেব্রুয়ারি পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করে দিয়েছেন। মামলায় এ নিয়ে মোট ৪৭ জন সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হলো।
২০১৭ সালের ২৮ মার্চ জন্মদিনের অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে অস্ত্রের মুখে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় করা মামলায় আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচ জনকে আসামি করা হয়। ২০১৮ সালে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে আদালত।