সুস্থের চেয়ে শনাক্ত বেশি

দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন যত রোগী শনাক্ত হয়েছে, এই সময়ে সুস্থ হয়েছে তার চেয়ে কম রোগী। গতকাল সকাল ৮টা পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৫২৮ জন। এই একই সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন ৫০৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।

বুধবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৩ হাজার ৪৪৪ জন হয়েছে। মোট মৃতের সংখ্যা ৮ হাজার ৭২ জনে দাঁঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ৫০৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭৭ হাজার ৯৩৫ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৬টি আরটি-পিসিআর ল্যাব, ২৮টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৫৬টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাব মিলিয়ে সর্বমোট ২০০টি ল্যাবে ১৫ হাজার ৭২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩৬ লাখ ৫০৮টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ৩৬ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৮২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ। গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে আট জন পুরুষ, নারী ৯ জন।