অর্ধকোটি টাকা চাঁদাবাজির মামলায় ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ওরফে বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলকে জামিন দেয়নি হাইকোর্ট। তাদের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার জামিন আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী মহিউদ্দিন আহমেদ। তিনি আদেশের বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহারে বলা হয়, ফরিদপুরের কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন দুই ভাই। চাঁদা দিতে না চাইলে ২০১৯ সালের ২২ ডিসেম্বর রাতে বরকত-রুবেলের নেতৃত্বে হাতুড়ি বাহিনীর ১৫-২০ জন সন্ত্রাসী তার প্রতিষ্ঠানে হামলা করে। সন্ত্রাসীরা তাকে, তার ছেলেকে এবং গাড়িচালককে মারধর করে সোয়া ৫ লাখ টাকা নিয়ে যায়। ঘটনার প্রায় এক বছর পর গত বছরের ১২ জুন রুবেল ও বরকতের বিরুদ্ধে মামলা করেন শামসুল আলম।
এদিকে রুবেল ও বরকতের বিরুদ্ধে ২ হাজার কোটি টাকার অর্থ পাচারের মামলাসহ একাধিক ফৌজদারি মামলা রয়েছে। এসব মামলায় তারা কারাগারে রয়েছেন।