চলতি বছরের এসএসসি-এইচএসসি

তিন-চার মাসে শেষ করার উপযোগী সিলেবাস তৈরি হচ্ছে

আরো ছোট করা হচ্ছে এসএসসির সিলেবাস। গত সোমবার প্রকাশিত এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস আজ বৃহস্পতিবারের মধ্যেই প্রত্যাহার করে নেওয়া হবে। আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে পুনর্বিন্যস্ত সিলেবাস শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। গতকাল বুধবার এনসিটিবিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র জানিয়েছে, গত সোমবার এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়। তিন মাসে শেষ করার উপযোগী সিলেবাস প্রকাশের কথা থাকলেও খুব সামান্য কমিয়েই সিলেবাস প্রকাশ করা হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। শিক্ষকরা জানান, তিন মাসে কোনোভাবেই এই সিলেবাস শেষ করা যাবে না। এ কারণে শিক্ষামন্ত্রীর নির্দেশে এক জরুরি বৈঠকে সিলেবাস আরো ছোট করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা সাংবাদিকদের বলেন, আমরা আগামী এক সপ্তাহের মধ্যেই এসএসসি ও এইচএসসির পুনর্বিন্যস্ত সিলেবাসের কাজ শেষ করব। এসএসসিতে ৬০ কর্মদিবস ও এইচএসসিতে ৮০ কর্মদিবসে শেষ করা যায় এমন সিলেবাস প্রকাশ করা হবে।

সূত্র জানায়, আগামী জুনে এসএসসি ও জুলাই-আগস্টে এইচএসসি পরীক্ষা গ্রহণের পরিকল্পনা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের। তাই এই সময়ে শেষ করা যায় এমন সিলেবাস প্রকাশ করার ব্যাপারে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত সোমবার প্রকাশিত এসএসসির সিলেবাসে ২০ থেকে ৩০ শতাংশ কমানোর কথা বলা হলেও আসলে তা দেখা যায়নি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে কোনো কিছুই বাদ না দিয়ে পুরো বই সংক্ষিপ্ত সিলেবাসে রাখা হয়েছে।

এ ব্যাপারে এনসিটিবির চেয়ারম্যান বলেন, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষার সিলেবাস সংক্ষিপ্ত করা হলেও ভুলক্রমে আগের পুরো সিলেবাসই প্রকাশ করা হয়েছে।

গতকালের সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক, এনসিটিবি চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।