মুক্তা ঝরে মুক্তা ঝরে
ধানের শীষে ঘাসের ’পরে
শিশিরকণার ওপর যখন
সাতসকালে রৌদ্র পড়ে।
সোনা রোদের পরশমাখা
কী অপরূপ ছবি আঁকা
গাঁয়ের মাঠে আমন ধানের
দিকে চাষির চেয়ে থাকা।
ধান মাড়াইয়ের শব্দ কানে
নতুন ধানের মধুর ঘ্রাণে
গোলাভরা ফসল দেখে
লাগে দোলা সবার প্রাণে।
নতুন ধানের চালের গুঁড়ি
পিঠে পুলি চিড়ে মুড়ি
হেমন্ততে গাঁয়ের মাঠে
মনটা করে ওড়াউড়ি।