মধ্য মাঘে এসে তাপমাত্রা কমছে আবারও। ফের শীতের আমেজ বাড়ছে। শৈত্যপ্রবাহ শুরু হতে চলেছে পুনরায়। সারা দেশে আজ রাতের তাপমাত্রা কমতে পারে। গত রাত থেকে সারা দেশে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পেয়েছে। এতে কোথাও কোথাও শুরু হতে পারে মৃদু শৈত্যপ্রবাহ। আগামী দুই-তিন দিন এমন অবস্থা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, তাপমাত্রা আবারও কমছে। কিছু এলাকায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। আগামী দুই দিন প্রায় একই রকম থাকতে পারে আবহাওয়া। গতকাল কুড়িগ্রামের রাজারহাটে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস, যা মৃদু আকারে শৈত্যপ্রবাহ। এছাড়া উত্তর-পশ্চিমাঞ্চলের তাপমাত্রা শৈত্যপ্রবাহের কাছাকাছি রয়েছে। অর্থাত্, এসব অঞ্চলে এখনই বেশ শীত অনুভূত হচ্ছে। শৈত্যপ্রবাহ শুরু হলে শীত আরো বেড়ে যাবে।
বিভাগীয় শহরগুলোতে তাপমাত্রা কমে গেছে। ঢাকায় মঙ্গলবার তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস, গতকাল তা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস কমে ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। মঙ্গলবার ময়মনসিংহে তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি, বুধবার ১ ডিগ্রি কমে ১২ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়ায়। মঙ্গলবার চট্টগ্রামের তাপমাত্রা ১৫ ডিগ্রি থেকে ১ ডিগ্রি কমে গতকাল হয় ১৪ দশমিক ১ ডিগ্রি। সিলেটে ২ ডিগ্রি কমে হয় ১১ দশমিক ৭। খুলনার তাপমাত্রা মঙ্গলবার ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি, গতকাল তা ২ ডিগ্রি কমে হয় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী, রংপুর, বরিশালের তাপমাত্রা আবার গতকাল বেড়ে যায়। রাজশাহীতে ১১ দশমিক ২ ডিগ্রি থেকে বেড়ে দাঁড়ায় ১১ দশমিক ৫ ডিগ্রি, রংপুরে ১১ দশমিক ৫ ডিগ্রি থেকে বেড়ে গতকাল ১১ দশমিক ৭ ডিগ্রিতে দাঁড়ায়। বরিশালে মঙ্গলবার তাপমাত্রা ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি, গতকাল তা বেড়ে দাঁড়ায় ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে।
৭ জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির মধ্যেই অবস্থান করছে। আর ১১ ডিগ্রি আছে ১৪ জেলায়, ১২ ডিগ্রিতে আছে ৮ জেলা এবং ১৩ ডিগ্রিতে আছে ৮ জেলার তাপমাত্রা।
এদিকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস বলেছে, সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।