রাজধানীতে বাসের নিচে চাপা পড়ে বেসরকারি একাত্তর টেলিভিশনের এক কর্মীর মৃত্যু হয়েছে। নিহত গোপাল সূত্রধর (৩৫) একাত্তর টিভির ভিডিও এডিটর ছিলেন। তিনি টাঙ্গাইলের মির্জাপুর নগর ভদ্রগ্রামের স্থায়ী বাসিন্দা। এদিকে ইডেন মহিলা কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক প্রধান অধ্যাপক দিলওয়ারা বেগম (৭১) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গত মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তিনি মারা যান।
গুলশান থানার ওসি আবুল হাসান জানান, গতকাল বুধবার বিকাল ৫টার দিকে প্রগতি সরণির নদ্দা ফুট ওভারব্রিজের কাছে বাসের চাপায় গোপাল সূত্রধর মারা যান। ওসি বলেন, বাসটিকে আটক করা হয়েছে। চালক ও হেলপার পালিয়েছে। তাদের আটকের চেষ্টা হচ্ছে।
একাত্তর টেলিভিশনের বার্তাপ্রধান শাকিল আহমেদ জানান, বিকালে অফিস থেকে নিকুঞ্জের বাসায় ফেরার পথে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাস গোপালের মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বারিধারায় একটি হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে একাত্তর টেলিভিশনের কর্মীরা গোপালকে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। গোপাল ২০১৪ সাল থেকে একাত্তর টিভিতে কর্মরত ছিলেন। এর আগে বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কাজ করেন।