ঢাকা উত্তর সিটি করপোরেশনের মিরপুরের বিহারি ক্যাম্পের একাংশ উচ্ছেদের প্রতিবাদে প্রতীকী অনশন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিহারিরা। গতকাল বুধবার সকাল ৯টা থেকে রাজধানীর মিরপুরের ১১ এভিনিউ এর ৪ নম্বর রোডে বড় মসজিদের সামনে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রতীকী অনশনে বসেন বিহারিদের পাঁচটি সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ বিহারিরা। এসময় তারা জানান, আপিল বিভাগের আদেশ অমান্য করে বিহারি ক্যাম্প ভাঙচুর ও হামলার ঘটনায় মেয়র আতিকসহ জড়িত সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণসহ পুনর্বাসন ও উচ্ছেদের আগে পুর্নবাসনের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট ঘোষণার দাবিতে এই কর্মসূচি শুরু করেন তারা। উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট, ওয়েল ফেয়ার মিশন অব বিহারিজ, এসপিজিআরসি মিরপুর শাখা, বাংলাদেশ মোহাজির ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি মিরপুর শাখা ও মিরপুর নন-লোকাল রিলিফ কমিটির যৌথ উদ্যেগে এ গণ-অনশন পালিত হচ্ছে। তাদের বসার পরপরই স্থানীয় বিহারিরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।