চট্টগ্রাম সিটি নির্বাচনে বিএনপি সন্ত্রাস করেছে :তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। পাহাড়তলি, আমবাগান, লালখানবাজার, পাথরঘাটা, দেওয়ানবাজারের বিভিন্ন কেন্দ্রে বিএনপি কর্মীরা আওয়ামী লীগ প্রার্থীর কর্মীদের ওপর আক্রমণ করে। ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচন শেষ হওয়ার আগ মুহূর্তে আমির খসরু মাহমুদ সংবাদ সম্মেলন করেন। ঢাকায় রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করে নির্বাচন নিয়ে নানা প্রশ্ন তুলেছেন। আমরা আগে থেকেই জানতাম, এ সব প্রশ্ন তোলার জন্যই বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে। গতকাল বুধবার চসিক নির্বাচন প্রসঙ্গে নগরীর দেওয়ানজী পুকুরপাড় এলাকায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, করোনা মহামারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি কোনো সরকারি ছুটিও না দেওয়ার কারণে এ নির্বাচনে ভোটার উপস্থিতি অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের চেয়ে কম হয়েছে। 

সাবেক মেয়র এম মনজুর আলমকে আওয়ামী লীগের লোক উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ১৯৯৪ সালের পর থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের কোনো নির্বাচনে প্রকৃতপক্ষে বিএনপি জিততে পারেনি। ২০১০ সালে বিএনপির হয়ে জেতা মনজুর আলম মূলত আওয়ামী লীগের লোক। বিএনপি আওয়ামী লীগের মানুষকে হায়ারে খেলতে নিয়ে যাওয়ায় আওয়ামী লীগের লোক জনও তাকে ভোট দিয়েছিলেন। সে কারণে সেদিন বিএনপি জিততে পারলেও খেলাশেষে তিনি আবার আওয়ামী লীগে ফিরে আসেন।