তুমি প্রতিরাত জন্মাও জানি

 

তুমি স্রেফ বলে দিলে তোমার নাম একমাত্র তুমি

 

জানতাম উড়ন্ত-উদাসী তুমি

আমি তাই বলতাম, বুকের মাঝখানটাতে

কোনোদিন হাত রেখো না

রক্তজ্বলা বুক ছোঁয়ার চেয়ে

এইবার মাটিকে ছুঁয়ে দেখো

সেখানে প্রতিবাদী শিশুরা আছে

সেখানে লুকিয়ে থাকা শুকনো খসখসে

চন্দনে ভালোবাসারা মুখ গুঁজে আছে

 

শোনো

জানো না কালরাতে পৃথিবীর রাজনীতি

আর মুখর হাওয়াদের সমাহিত হবার কথা?

তুমি জানালে উক্তিটির আড়ালে

তোমার সব জন্মতিথির ইতিহাস জড় আছে

আমি আরো জানলাম তোমার ভেতরে

স্বপ্ন প্রেম কবিতা আর এই মূঢ় জীবনের খাতাটা

প্রতিরাত পালটে যায়

 

হায় প্রতিমা! তুমি আমার শুকনো খটখটে মগজে

হায়! তুমি আমাকে ‘তুমি’ বলে সম্বোধন করলে