দূর্বায় ডুবে যায় শিশিরের ঠোঁট,
আলপথে বেগুনি গন্ধ মেখে মটরশুঁটি
গুটিশুটি কেমন তাকায়;
এমন ভোরে—
রাতের কল্প হয়ে জেগে থাকে স্নেহলতা নারী
তার চোখ বাদামের বীজ হয়ে জোনাক-গল্প আঁকে
ফণীমনসায়
সেই কবে, বাঁশখালি জলে—
ডুব হয়ে ছুঁয়েছিল কাতলের বুক;
আজও জাগে
ভরা রাতে গাঙচিল সুখ, জেগে থাকে—
তাকে কি ভোলাতে পারে কইতরি ছোঁয়া;
সুরুজের সলাজ চুম্বন?