বর্তমানে মানুষ বিজ্ঞান ও প্রযুক্তির ওপর নির্ভরশীল। এর ফলে পৃথিবীর মানুষ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ভোগ করছে। তবে এর যথাযথ ব্যবহারও প্রয়োজন। আধুনিক বিজ্ঞানের অন্যতম বিস্ময়কর আবিষ্কার হলো মোবাইলফোন। বর্তমানে সারা দেশে স্মার্টফোন ব্যবহারের ফলে বেড়েছে রাত জাগা। বর্তমানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রীদের রয়েছে স্মার্টফোন। আবার অনেকে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সারা রাত কাটিয়ে দেয়। রাত জাগার ফলে স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। অতিরিক্ত রাত জেগে স্মার্টফোন ব্যবহারকারীরা দিনের বেলায় কাজে অমনোযোগী থাকে। গবেষণায় পাওয়া গেছে—যারা সারা রাত বা অতিরিক্ত রাত জাগে, তারা বিষণ্নতা, সহজে ক্লান্তি অনুভব ও মেজাজ খিটখিটে ইত্যাদি সমস্যায় ভোগে। এমনকি কেউ কেউ আত্মহত্যা করার ইচ্ছা পোষণ করে। চিকিত্সকদের মতে, শরীরকে সুস্থ রাখতে হলে একজন মানুষের পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। ঠিক সময়ে খাওয়াদাওয়া ও বিশ্রাম প্রয়োজন। প্রয়োজনের তুলনায় ঘুম কারো কম হলে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে। ডায়াবেটিস, হার্টের রোগ, মানসিক অবসাদ ও ক্যান্সারের মতো ভয়ংকর রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই স্বাস্থ্যের জন্য আমাদের রাত জাগার বদ অভ্যাস ত্যাগ করতে হবে।
সাখাওয়াত হোসেন
শিক্ষার্থী, ইংরেজি বিভাগ,
গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ