বরিশালে ইজিবাইকে স্টিকার ব্যবহার রোধে ট্রাফিক বিভাগের উদ্যোগ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগকে পুরোপুরি ডিজিটালাইজড করা হচ্ছে। পুরো নগরীকে সিসি ক্যামেরার আওতায় এনে সড়কের বাস্তব চিত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। এছাড়াও বরিশালে বৈধ এবং অবৈধ ইজিবাইকসহ গণপরিহনে বিভিন্ন সংগঠন স্টিকার ব্যবহার করে যাতে টাকা আদায় করতে না পারে তা রোধে ব্যবস্থা গ্রহণ করেছে ট্রাফিক বিভাগ। বুধবার ও বৃহস্পতিবার বিএমপির ট্রাফিক বিভাগের উপ-কমিশনার জাকির হোসেন মজুমদার নগরীর আমতলার মোড়, রূপাতলীসহ বিভিন্ন পয়েন্টে মাস্কবিহীন যানবাহন চালক ও যাত্রীদের মধ্যে মাস্ক বিতরণকালে এসব কথা জানান। তিনি বলেন, যানবাহনে স্টিকার ব্যবহারের বিষয়ে মালিক সমিতি এবং স্ব স্ব সংগঠনকে স্টিকার খুলে ফেলতে বলা হয়েছে। এতে কাজ না হলে সংশ্লিষ্ট গাড়ির মালিক ও চালকদের স্টিকার খুলে ফেলতে বলা হবে। প্রসঙ্গত, মঙ্গলবার দৈনিক ইত্তেফাকে ‘বরিশালে চাঁদার স্টিকারে চলছে অবৈধ ইজিবাইক’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর পরই স্টিকার রোধে নানান পদক্ষেপ নেয় ট্রাফিক বিভাগ।