বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর গ্রামে একটি নকল সার তৈরির কারখানায় বুধবার দিনগত রাতে অভিযান চালায় পুলিশ। এ সময় ৩০ বস্তা ভেজাল সার, পঞ্চাশ কেজি রং, ১৫টি কোম্পানির নকল প্যাকেট, স্প্রে মেশিন, মাটি ও ইটের খোয়ার বস্তা জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন— উপজেলার মহিপুর কলোনি গ্রামের জাহিদ হোসেন (৪০) ও একই গ্রামের আল আমিন হোসেন (৩৬)। বৃহস্পতিবার বেলা ১১টায় শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঐ ভেজাল সার ও কীটনাশক তৈরির কারখানায় অভিযান চালানো হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে বাড়ির মালিক ও বাজারজাত করায় দুই জনকে আটক করা হয়েছে। কিন্তু ভেজাল কারবারির মূল হোতা পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে, থানাহাজতে আটক বাড়ির মালিক জাহিদ হোসেন নিজেকে নির্দোষ দাবি করে বলেন, মালামাল মজুত ও সরবরাহ করার জন্য তার বাসা ও গোডাউন ভাড়া নিয়েছে। এরপর থেকে সেখানে তারা কী করছে তা আমার জানা নেই।