হেমন্ত দিনে

নীল-সবুজের মিতালিতে

ফুরফুরে আজ মন

উপচে পড়া রোদের হাসি

ঝরছে সারাক্ষণ।

 

হেমন্তেরই মৃদু বাতাস

দিচ্ছে দোলা গায়

উধাও হয়ে ভোরের শিশির

দিন গড়িয়ে যায়।

 

পাখিরা সব মিষ্টি সুরে

কিচির মিচির ডাকে

নতুন ধানের সুবাস মনে

রঙিন ছবি আঁকে।

 

কৃষাণেরা ব্যস্ত কাজে

নেইকো চোখে ঘুম

কৃষাণবধূর রসুই ঘরে

পিঠা-পুলির ধুম।