খুবি শিক্ষক-শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুই শিক্ষার্থীকে বহিষ্কার, এক শিক্ষককে বরখাস্ত ও দুই শিক্ষকের অপসারণের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শতাধিক শিক্ষক-শিক্ষার্থী এ মানববন্ধন পালন করেন। এদিন বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির পক্ষ থেকেও এ বিষয়ে প্রতিবাদ লিপি দেওয়া হয়েছে। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক সুকান্ত বিশ্বাসের সঞ্চালনায় শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। অপরদিকে খুবির শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কারের ঘটনায় বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খুবি প্রশাসনকে অন্যায্য সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানিয়েছে।