আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। নির্মাণ করেছেন বহু জনপ্রিয় ও ব্যবসা সফল ছবি। এবার আরও একটি সুখবর দিলেন এই গুণী নির্মাতা। তা হলো- এই প্রথমবার ওয়েব সিরিজে নাম লেখাতে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছেন।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘পরিবর্তন যে আসন্ন এটা আমরা গত কয়েকবছর ধরেই অনুভব করছিলাম এবং সেই পরিবর্তনকে আলিঙ্গন করতে কোনো দ্বিধাও ছিলো না! এক সময় টিভির জন্য কাজ করতাম! তারপর থিয়েটারের জন্য সিনেমা বানানোর সুযোগ আসলো! এখন সারা দুনিয়া জুড়েই ওটিটি বড় পরিবর্তনের সূচনা করেছে! সারা দুনিয়ার ফিল্মমেকাররাই ওটিটি নিয়ে ভাবছে বা কাজ করছে! আমিও গত কয় বছর ধরেই এটার প্রস্তুতি নিচ্ছিলাম! তারপরও বেশ কয়টা বছর লেগে গেলো! লম্বা ডিলিড্যালি শেষে অবশেষে ওয়েবের জন্য আমার প্রথম কাজটা করতে যাচ্ছি!’
নতুন প্রেমের তরী ..... পরিবর্তন যে আসন্ন এটা আমরা গত কয়েকবছর ধরেই অনুভব করছিলাম! এবং সেই পরিবর্তনকে আলিঙ্গন করতে কোনো...
Posted by Mostofa Sarwar Farooki on Thursday, January 28, 2021
‘গত তিন বছর ধরে অনেকগুলো প্ল্যাটফর্মের সাথেই মিটিং হচ্ছিলো! কয়েকটা মিটিংয়ের পর গল্প লক করে ফেলেছিলাম, এরকমও হয়েছে বহুবার! তারপর কয়দিন পরে মনে হয়েছে, না, এই গল্পটা করতে চাইনা! অন্য কিছু করতে চাই! বলেই আবার পিছুটান! এইভাবে বহু গল্পের সম্ভাবনাকে খুন করে ফাইনালি একটা গল্পে এসে মন মজলো। মনে হলো এই গল্পটা আমার জন্য নতুন কিছু চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারছে! নতুন চ্যালেঞ্জ অনেকটা নতুন করে কারো প্রেমে পড়ার মতোই! প্রেমে পড়ার অনুভূতি না হইলে কাজ করে সুখ আর কি!’
তিনি আরও লিখেছেন, ‘গল্পের নাম, অভিনেতা-অভিনেত্রী, টেকনিক্যাল টিম, কোন প্ল্যাটফর্মের জন্য করছি। এইসবই আমরা সময় মতো জানাবো! শুধু এইটুকু বলতে পারি গত প্রায় তিন মাস ধরে আমরা, আমরা মানে আমাদের কাস্ট এন্ড ক্রু টিম মন প্রাণ লাগিয়ে প্রস্তুতি নিচ্ছি এই কাজটার জন্য! কাজটা আপনাদের মনে ধরলেই আমাদের এই পরিশ্রম কাজে আসবে!’
উইশ আস লাক, ফোকাস! প্রেমে তরী যেনো ঠিকমতো বাইতে পারি!
ইত্তেফাক/বিএএফ