উইন্ডিজদের প্রস্তুতি ম্যাচ আজ

স্পিন চতুষ্টয়ের আশায় তাইজুল

করোনাকালে কয়েক বার বোলিং অ্যাকশন শুধরেছেন তাইজুল ইসলাম। বিসিবি প্রেসিডেন্টস কাপ, বঙ্গবন্ধু টি-২০ কাপে তিনটি করে ম্যাচ খেলেছেন। উইকেট পেয়েছেন সাতটি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও ম্যাচ পাননি এ বাঁহাতি স্পিনার। যদিও টেস্টের প্রাথমিক দলে আছেন তিনি।

তাইজুলসহ টেস্ট দলে আছেন আরো তিন স্পিনার। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান এবং তাইজুলকে উইন্ডিজদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হবে কি না বলা কঠিন। তবে টেস্ট সিরিজে স্পিন চতুষ্টয়ের আশায় আছেন তাইজুল। গতকাল ২৮ বছর বয়সি এ স্পিনার বলেছেন, ‘আমি বলব যে আমি, মিরাজ, নাঈম ও সাকিব ভাইয়ের একটা ভালো জুটি হবে ইনশাআল্লাহ।’

সর্বশেষ ২০১৯ সালে চট্টগ্রামেই একাদশে চার স্পিনার নিয়ে খেলেছিল বাংলাদেশ। ঐ বছর সেপ্টেম্বরে সাকিব আল হাসানের নেতৃত্বে আফগানিস্তানের বিপক্ষে চার স্পিনার খেলিয়ে ম্যাচ হেরেছিল বাংলাদেশ। একাদশে ছিলেনও এই চার স্পিনার। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট শুরু হবে ৩ ফেব্রুয়ারি। ৩১ জানুয়ারি ঘোষণা হতে পারে বাংলাদেশের চূড়ান্ত টেস্ট দল।

টাইগারদের টেস্ট সিরিজের প্রস্তুতিও পুরোদমে শুরু করে দিয়েছে বাংলাদেশ। গতকাল সাগরিকা স্টেডিয়ামে অনুশীলন করেছে মুমিনুল হকের দল। আজ থেকে ম্যান পরিস্থিতি বিবেচনায় অনুশীলন করবেন মুশফিক-তামিমরা। গতকাল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, প্রস্তুতি ম্যাচে খেলবেন না মুমিনুল। আঙুলের ইনজুরি কাটিয়ে ওঠা টেস্ট অধিনায়ক ম্যাচ সিনারিও অনুশীলনেই নিজেকে ঝালিয়ে নিবেন।

এদিকে আজ তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজ। বন্দরনগরীর এমএ আজিজ স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে ক্যারিবিয়ানদের প্রতিপক্ষ বিসিবি একাদশ। নুরুল হাসান সোহানের নেতৃত্বে টেস্ট দলের পাঁচ ক্রিকেটার খেলবেন এ ম্যাচে। সোহানের সঙ্গে সাইফ হাসান, সাদমান ইসলাম, ইয়াসির আলী, খালেদ আহমেদরা খেলবেন বিসিবি একাদশের হয়ে। সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি।