ইংলিশ প্রিমিয়ার লিগ

ইউনাইটেডকে মাটিতে নামাল শেফিল্ড

১৯ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট, শুধু প্রিমিয়ার লিগে না, কালকের আগ পর্যন্ত ইউরোপের শীর্ষ পাঁচ লিগেই সবচেয়ে কম পয়েন্টধারী দল ছিল শেফিল্ড ইউনাইটেড। অপরদিকে প্রায় ১৩ ম্যাচ ধরে অপরাজিত ছিল ম্যানচেস্টার ইউনাইটেড, যা এ মৌসুমে লিগে সবচেয়ে বেশি সময় ধরে অপরাজিত থাকার রেকর্ড। সেই ইউনাইটেডকে বুধবার তাদের নিজেদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ক্রিস ওয়াইল্ডারের শেফিল্ড।

শীর্ষস্থানে থেকে সপ্তাহ শুরু করা ওলে গুনার সোলসারের শিষ্যদের শীর্ষস্থান ধরে রাখতে লাগত তিন পয়েন্টই। ওল্ড ট্রাফোর্ডে সেই লক্ষ্য নিয়ে নামলেও শুরুটা ভালো করেনি রেড ডেভিলরা। ২৪ মিনিটে কর্নার থেকে কিন ব্রায়ানের হেডার ইউনাইটেডের জালে জড়ালে এগিয়ে যায় শেফিল্ড। দ্বিতীয়ার্ধে আবার কর্নারে মাথা ছুঁইয়েই ইউনাইটেডের হয়ে সমতা ফেরান দলীয় অধিনায়ক হ্যারি ম্যাগুয়ের। যদিও এর আগে তার একটি ফাউলের জন্য বাতিল করা হয় অ্যান্থনি মার্শিয়ালের একটি গোল। ৭৪ মিনিটে শেফিল্ডের বদলি স্ট্রাইকার অলিভার বুরকির শট ইউনাইটেড ডিফেন্ডার অ্যালেক্স টুয়ানজেবের গায়ে লেগে জালে জড়ালে আবার এগিয়ে যায় শেফিল্ড। বাকি সময়ে ইউনাইটেড আর গোল শোধ করতে না পারলে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় মার্কাস রাশফোর্ডদের। প্রায় ১৯ বছর পর ইউনাইটেডের বিপক্ষে জয় পেয়েছে শেফিল্ড, ৪৮ বছর পর জয় পেয়েছে ওল্ড ট্রাফোর্ডে। এই ঐতিহাসিক জয়ের পরও টেবিলের সর্বনিম্ন স্থানেই থাকছে ক্রিস ওয়াইল্ডারের দল। আর নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির নিচে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ইউনাইটেড।

ওদিকে ম্যানেজার হিসেবে টমাস টুখেলের অভিষেকে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের সঙ্গে গোলশূন্য ড্র করেছে চেলসি। স্টামফোর্ড ব্রিজে ম্যাচের অধিকাংশ সময়ই বলের দখল নিজেদের পায়ে রাখলেও উলভসের জালে একবারও বল জড়াতে পারেনি অলিভিয়ের জিরুরা। এ ড্রতে আর্সেনালের সমান পয়েন্ট নিয়ে টেবিলে আটে অবস্থান করছে চেলসি। লিগে দিনের অন্য ম্যাচে ১-১ গোলে ড্র করেছে এভারটন ও লেস্টার সিটি।