কুঁচকির চোটে পড়ে গত ২৫ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে ৪ দশমিক ৫ ওভার বোলিং করেই মাঠ ছেড়ে ছিলেন সাকিব আল হাসান। দুই দিন বিশ্রামে থাকার পর গত মঙ্গলবার বিশ্বসেরা অলরাউন্ডারের স্ক্যান করা হয়েছিল। গতকাল পাওয়া স্ক্যান রিপোর্টে খারাপ কিছু ধরা পড়েনি। তাই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারবেন সাকিব।
বিসিবির চিকিত্সক মনজুর হোসেন চৌধুরী গতকাল বলেছেন, ‘স্ক্যান রিপোর্ট ভালো এসেছে। কোনো চিড় ধরা পড়েনি। গত দুই দিন উনি ভালো বোধ করেছেন। আজ (গতকাল) ফিজিও তাকে দেখেছেন। এখন কখন থেকে তিনি অনুশীলনে নামবেন সেটা ফিজিওর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হবে। আশা করা যায়, টেস্ট সিরিজ খেলতে সমস্যা হবে না।’