মৃত্যু ও শনাক্ত কমেছে

টিকা প্রদান কার্যক্রম শুরুর পরের দিন গতকাল করোনা ভাইরাসে মৃত্যু ও শনাক্ত কিছুটা কমেছে। দেশে গত এক দিনে করোনায় আরো ১৫ জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ৫০৯ জন। আগের দিন শনাক্ত ৫২৮ এবং ১৭ মারা যান। গতকাল বৃহস্পতিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো       হয়। গতকাল সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৫০৯ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৩ হাজার ৯৫৩ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ১৫ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ৮৭ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ৬১১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭৮ হাজার ৫৪৬ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৬টি আরটি-পিসিআর ল্যাব, ২৮টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৬০টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাত্ সর্বমোট ২০৪টি ল্যাবে ১৪ হাজার ৮৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩৬ লাখ ১৫ হাজার ৩৩৮টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ৪৩ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৭৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৬২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮ লাখ ২৭ হাজার ৩৩০টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ৭ লাখ ৮৮ হাজার ৮টি।