তৃতীয় দফায় আরো প্রায় ৫ হাজার রোহিঙ্গা ভাসানচর যাবার প্রস্তুতি নিয়েছেন। দ্বিতীয় দফায় ভাসানচরে যাবার এক মাসের মাথায় বৃহস্পতি ও শুক্রবার চার ভাগে তাদের ক্যাম্প ছাড়ার প্রস্তুতি নিয়েছেন সংশ্লিষ্টরা। প্রথম ভাগে গতকাল বৃহস্পতিবার দুপুরে ক্যাম্প ছেড়েছেন কক্সবাজারের উখিয়া-টেকনাফে আশ্রয়ে থাকা রোহিঙ্গাদের একটি দল।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে প্রথম ১৮টি বাস ভর্তি রোহিঙ্গা ট্রানজিট পয়েন্ট অতিক্রম করে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। পরে বিকেলে আরো বাসে রোহিঙ্গা নিয়ে চট্টগ্রামের পথে বের হয়।
আগের মতো উখিয়া ডিগ্রি কলেজ মাঠ এলাকা থেকে দিনে দুই ভাগে ভাগ করে বাসগুলো চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবার প্রস্তুতি রাখেন সংশ্লিষ্টরা। উখিয়ার মূল ক্যাম্প ছাড়াও পুরো ৩৪ ক্যাম্প থেকেই ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গারা ট্রানজিট পয়েন্টে বুধবার বিকেল থেকে আসতে শুরু করে। বাকিরা বৃহস্পতিবার সকাল ও দুুুপুরে এসে পৌঁছায়। শুক্রবার যারা ভাসানচরে পথে বের হবে তারা বৃহস্পতিবার সন্ধ্যা ও শুক্রবার ট্রানজিট পয়েন্ট আসবে বলে জানিয়েছেন রোহিঙ্গা নেতারা।
উখিয়ার তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মো. ইব্রাহিম বলেন, আমার ব্লক থেকে বেশ কয়েকটি পরিবার ভাসানচরে যাচ্ছে। তাদের কাউকে জোর করা হয়নি। কুতুপালং মধুরছড়া ক্যাম্পের সাবেক মাঝি মোহাম্মদ নুর বলেন, এ ক্যাম্প থেকেও ১২টি পরিবার নোয়াখালীর ভাসানচরে যাচ্ছে। প্রথম দফায় যারা গেছে, তাদের কাছ থেকে সুযোগ-সুবিধার খবর জেনেই নতুন করে অনেকেই যেতে আগ্রহী হয়েছে।