মুক্তিযুদ্ধ জাদুঘরের স্মারক গ্রহণ ও তহবিল সংগ্রহ অনুষ্ঠান

গতকাল সকাল সাড়ে ১১টায় মুক্তিযুদ্ধ জাদুঘরের মিলনায়তনে হয়ে গেল স্মারক গ্রহণ ও তহবিল সংগ্রহ অনুষ্ঠান। এতে ‘সালাম সালাম হাজার সালাম’ গানের রচয়িতা কবি ফজল-এ-খোদার ডায়ারি, বংশাল গেরিলা সেক্টর কমান্ডার আবুল হাসান মাসুদের পরিচিতিপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ দলিল, ১৯৬৬ সালে প্রকাশিত মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকের প্রথম সংস্করণ, মোহাম্মদ রশিদ উদ্দিনের কারাপঞ্জি, মুক্তিযোদ্ধা অলি আহাম্মদ কর্তৃক সোনামুড়া মুক্তিফৌজ ক্যাম্প পরিচালনাকালীন দলিলপত্র, ১৯৭১ সালে ড. মাহবুবুল আলমের আমেরিকায় মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক জনসচেতনতামূলক কাজের গুরুত্বপূর্ণ দলিলপত্র, পাবনার প্রথম শহিদ জি এম শামসুল আলম বুলবুলের আলোকচিত্র, টেপ রেকর্ডারে ধারণকৃত নিজকণ্ঠে গাওয়া দুটি গান এবং মৃত্যুর সময় পরিহিত হাতঘড়ি গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে স্মারক প্রদান করেন মুক্তিযোদ্ধার স্বজনেরা। মুক্তিযোদ্ধা বুলবুলের গাওয়া দুটি গান নজরুলসংগীত ‘একি মধুর শারাব দিলে’ এবং ষাটের দশকের জনপ্রিয় গান ফজল-এ-খোদা রচিত ‘আমি প্রদীপের মতো রাত জেগে জেগে’ বাজিয়ে শোনানো হয়।  

স্মারক ও অনুদান গ্রহণ করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্যসচিব সারা যাকের, ট্রাস্টি ডা. সারওয়ার আলী, আসাদুজ্জামান নূর এমপি এবং মফিদুল হক। —প্রেস বিজ্ঞপ্তি