ঝিনাইদহে সড়ক দখল করে ট্রাকের অবৈধ পার্কিং

ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে সড়কের ওপর লাইন করে ট্রাক দাঁড় করিয়ে রেখে গড়ে তোলা হয়েছে অবৈধ টার্মিনাল। আর এতে সৃষ্টি হচ্ছে যানজট। এছাড়া অহরহ দুর্ঘটনা ঘটে। বছরের পর বছর ধরে এক শ্রেণির ট্রাক ড্রাইভার এভাবে সড়কের ওপর সারি সারি ট্রাক দাঁড় করিয়ে রাখছে। শৈলকুপা-গাড়াগঞ্জ একটি ব্যস্ত সড়ক। সড়কটি শৈলকুপা উপজেলার সঙ্গে জেলা সদরের যোগাযোগের একমাত্র মাধ্যম। 

প্রতিদিন ভোরে কবিরপুর তিন রাস্তার মোড় থেকে গাড়াগঞ্জ বরাবর সারি সারি ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়। কেউ প্রতিবাদ করলে কর্ণপাত করে না ট্রাক চালকরা। বিষয়টি নিয়ে জেলা প্রশাসন ও পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছেন শৈলকুপার বিশিষ্টজনেরা। কিন্তু কাজ হয়নি। জেলার আইনশৃঙ্খলা কমিটির বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে কয়েক বার। কিন্তু অবৈধ ট্রাক টার্মিনাল নড়েনি। সংবাদমাধ্যমেও খবর প্রকাশিত হয়েছে। তাতেও কাজ হয়নি। এমনকি জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সড়কের ওপর ট্রাক দাঁড় করিয়ে না রাখতে আহ্বান জানিয়ে মাইকিং করা হয়েছে। তাতেও কর্ণপাত করেনি এক শ্রেণির ট্রাক ডাইভার। 

আরও পড়ুন: চালকের ছদ্মবেশে ডাকাতি

ট্রাকগুলো এভাবে দাঁড় করিয়ে রাখার কারণে দুটো ট্রাক-বাস ক্রস করতে পারে না। হাটের দিনগুলোতে যানজটের সৃষ্টি হয়। ছোটখাটো দুর্ঘটনা ঘটে। সেদিকে কারোর ভ্রুক্ষেপ নেই। এ ব্যাপারে ট্রাক চালকদের সাফ কথা, ট্রাক রাখব কোথায়? আবার নতুন করে গাড়াগঞ্জে কুমার নদের ব্রিজ পার হয়ে বড়দাহ এলাকায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ওপর সারি সারি ট্রাক দাঁড় করিয়ে রেখে অবৈধ ট্রাক টার্মিনাল গড়ে তোলা হচ্ছে। 

ঝিনাইদহের ট্রাফিক পরিদর্শক মো. সালেউদ্দিন বলেন, ‌‘সড়কের উপরে গড়ে ওঠা ট্রাক টার্মিনাল সরাতে ব্যবস্থা নেওয়া হবে।’

ইত্তেফাক/কেকে