নতুন করোনা প্রতিরোধে নোভাভ্যাক্সের টিকা কার্যকর

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে নতুন এক টিকা ৮৯ দশমিক ৩ শতাংশ কার্যকর দেখা গেছে। বিবিসির মেডিক্যাল এডিটর ফারগুস ওয়ালস বলেছেন, নোভাভ্যাক্সের টিকা যুক্তরাজ্যে করোনার নতুন ধরন প্রতিরোধেও কার্যকর। 

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন একে সুখবর হিসেবে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, যুক্তরাজ্যের মেডিক্যাল রেগুলেটর এখন এটি মূল্যায়ন করে দেখবে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নোভাভ্যাক্সের টিকাই প্রথম যা  যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরনের জন্য কার্যকর।  

আরও পড়ুন: দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের অবস্থায় বিশ্ব: পুতিনের হুঁশিয়ারি

নোভাভ্যাক্সের পক্ষ থেকে বলা হয়েছে, এই টিকার যুক্তরাজ্যে তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের পর দেখা গেছে এটি ৮৯ দশমিক ৩ শতাংশ কার্যকর। এই টিকা ১৮- ৮৪ বছর বয়সী ১৫ হাজারের বেশি মানুষের ওপর প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে ২৭ শতাংশ মানুষের বয়স ছিল ৬৫ বছরের বেশি।  

খবরে বলা হয়েছে, এ বছরের মাঝামাঝি সময় থেকেই এই টিকার প্রয়োগ শুরু করতে পারে যুক্তরাজ্য। 

ইত্তেফাক/এসআর