ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ৯ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। তবে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাট এলাকায় কয়েক শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।
শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম মো. জিল্লুর রহমান।
এর আগে ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। তীরে ভিড়তে না পেরে মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ে কয়েকটি ফেরি। দুই পাড়ে পারাপারের অপেক্ষায় আটকা পড়ে কয়েকশ যানবাহন।
আরও পড়ুন: প্রায় ১২ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে গত কয়েকদিন ধরে প্রায় প্রতিরাতেই ফেরি চলাচল বন্ধ থাকছে। সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশা পড়তে থাকে। রাত সাড়ে ১২টার দিকে এর তীব্রতা বেড়ে গেলে নৌ চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট দেখা যায় না।
ইত্তেফাক/এমআর