অজ্ঞাত নাম্বার থেকে ফোন আসে। এরপর গোপন মুহূর্তের কিছু ছবি আর পরিবারের তথ্য ফাঁস করার হুমকি দিয়ে ১০ কোটি টাকা চায় ব্ল্যাকমেলার। হুমকি ফোন পেয়েই তড়িঘড়ি পুলিশের কাছে যান ওই ব্যক্তি। এরপর ঘটনার তদন্তে নেমেই তাজ্জব বনে যায় পুলিশেরা। জানা যায়, ওই ব্ল্যাকমেইলার আর কেউ নয়, ওই ব্যাক্তিরই ১১ বছরের ছেলে।
এই ঘটনা ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে।
জানা যায়, ওই ব্যক্তি তার কিছু গোপন ছবি মেইলে রেখেছিলেন। বাবার গোপন ছবি কোনোভাবে হাতে এসেছিল ১১ বছরের ওই ছেলের কাছে৷ আর এই গোপন ছবি হাতে পেয়ে বাবাকেই ব্ল্যাকমেইল করার ফন্দি করে সে। এরপর অজানা নম্বর থেকে ফোন করে ১০ কোটি টাকা দাবি করে ছেলে।
এদিকে ব্ল্যাকমইলারের ফোন পেয়েই পুলিশের দ্বারস্থ হন গাজিয়াবাদের ওই ব্যক্তি। জানান, একদল হ্যাকার তার ইমেল হ্যাক করে তাকে ব্ল্যাকমেল করছে৷ দাবি পূরণ করা না হলে সকল ছবি ফাঁস করার হুমকিও দিয়েছে।
তদন্তে নেমে পুলিশ দেখে, আইপি অ্যাড্রেস অভিযোগকারীর বাড়িরই। তাছাড়া তার ছেলের হাবভাব দেখেও খটকা লাগে পুলিশের। তার পরই তাকে জেরা করে পুলিশ।
আরও পড়ুন: পাকিস্তানের ওপর ‘চটলো’ বাইডেন প্রশাসন
তদন্তের মুখে আর বেশিক্ষণ নিজেকে আড়াল করে রাখতে পারেনি পঞ্চম শ্রেণির ওই ছাত্র। পুরো ঘটনাটাই স্বীকার করে নিয়ে জানায়, ইউটিউব দেখেই সে হ্যাকিং শিখেছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/এসআর