সালিশি বৈঠকে প্রাণ গেল বৃদ্ধের

রংপুরের পীরগাছায় সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় আব্দুল কাদের (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার ছাওলা ইউনিয়নের গাবুড়া গ্রামের নেছাব উদ্দিন বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গাবুড়া গ্রামের গফুর বাদশার সঙ্গে একই গ্রামের বকুল গংদের জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিলো। শুক্রবার দুপুরে উভয় পক্ষের লোকজন বিরোধ মিটানোর জন্য সালিশ বৈঠকে বসে।

আরও পড়ুন: কক্সবাজারে সালিশ বৈঠকে কোপানো সেই এএসআই কারাগারে

বৈঠকের এক পর্যায়ে বকুল ও তার লোকজন প্রতিপক্ষ গফুর বাদশার লোকজনের উপর হামলা করে। এতে গফুর বাদশার পিতা আব্দুল কাদের গুরুত্বর আহত হয়। পরে তাকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে বিকাল ৩টার দিকে মৃত্যু হয়। এ ঘটনায় সাইদুল মণ্ডল নামের এক জনকে পুলিশ আটক করেছে।

পীরগাছা থানার ওসি তদন্ত দেবাশীষ কুমার রায় বলেন, সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় কাদের প্রামানিক নামের একজন নিহত হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ইত্তেফাক/জেডএইচ