বিনোদন ডেস্ক
ক্যারিয়ারে খুব কম সময়ে বেশ আলোচনার জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। প্রতিটি সিনেমাতেই নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করে দর্শকপ্রিয়তাও পেয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার নিজেকে ক্রিকেটার হিসেবে ভক্তদের সামনে হাজির করতে যাচ্ছেন এই অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নতুন সিনেমার নতুন লুকের একটি ছবি শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে তাপসী লিখেছেন, ‘ব্যাট-বলের সঙ্গে রোমান্স শুরু হলো। একসঙ্গে এখনো অনেক দূর যাওয়া বাকি। তবে শুরুটা যদি ভালো হয়, তাহলে অর্ধেক কাজ হয়ে যায়। আমার অভিনয় জীবনের মাইলফলক হয়ে থাকবে এই ছবিটি।’ পোস্ট করা ছবিটিতে নীল রঙের জার্সিতে ক্রিকেট ব্যাট হাতে দেখা যাচ্ছে তাকে। তিনি যে ক্রিকেট খেলা শিখছেন তা এতে স্পষ্ট।
জানা গেছে, জাতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালী রাজের বায়োপিকে অভিনয় করছেন তাপসী। রাহুল ঢোলাকিয়ার পরিচালনায় ‘সাবাস মিথু’ শিরোনামের এই সিনেমাটিতে মিতালীর চরিত্রে দেখা যাবে তাকে। এরইমধ্যে মিতালী চরিত্রটি ফুটিয়ে তোলার সকল কাজ শুরু করে দিয়েছেন তিনি।