আলী ইউনুস হূদয়, রাশেদ শুভ্র
শীতের সকালের মিষ্টি রোদের মাঝে ঝাঁকে ঝাঁকে তরুণ শিক্ষার্থীরা ছুটে চলেছে। আনন্দ আড্ডায় জড়িয়ে ধরছে প্রিয় সহপাঠীদের। কেউ কেউ মার্কার হাতে নিয়ে সাদা টি-শার্টে মনের অগোছাল ভাষাগুলোকে লিখতে ব্যস্ত। তারা প্রত্যেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬৪তম ব্যাচের শিক্ষার্থী। ২০১৭ সালের এই দিনে ক্যাম্পাসে পা রেখেছিল এই তরুণ প্রাণের দল। দিনটিকে স্মৃতির ফ্রেমে ধরে রাখতে ব্যাচ ডে’র আয়োজন করা হয়।
গত বৃহস্পতিবার পূর্ণ হয়েছে তাদের ক্যাম্পাসে আগমনের কাঙ্ক্ষিত দ্বিতীয় বছর। শিক্ষার্থীদের বাঁধভাঙা উল্লাস আর বর্ণিল সাজে সেজেছিল ক্যাম্পাস। ঘড়ির কাঁটায় সকাল নয়টা। বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে চোখে পড়ে শিক্ষার্থীদের জটলা। সবার চোখেমুখে তারুণ্যের উচ্ছ্বাস। পাশেই উচ্চস্বরে বাজছে হরেক রকম গান। সকাল ১০টায় কেক কেটে ব্যাচ-ডে’র উদ্বোধন পর্ব সম্পন্ন হয়। সাবাস বাংলাদেশ মাঠের আমেজ ক্রমেই ছড়িয়ে পড়ে ক্যাম্পাসজুড়ে। সকাল ১১টায় শহীদ শামসুজ্জোহার মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষার্থীরা। এরপর বের হয় বর্ণাঢ্য আনন্দ র্যালি। র্যালি কিছুদূর এগুতেই বর্ষণ হতে থাকে রঙের ঝড়। আবিরের মাখামাখিতে তখন একাকার শিক্ষার্থীদের শরীর, ক্যাম্পাসের রাস্তা ও বাতাস। সাদা টি-শার্টগুলো ছেয়ে যায় লাল, নীল, সবুজসহ বিভিন্ন রঙের বাহারে। শুধু বাইরে নয়, সেই রঙের আবের তাদের মনেও ছড়িয়ে পড়ে।