স্পোর্টস রিপোর্টার
প্রস্তুতি ম্যাচ নিছকই অনুশীলনের মঞ্চ। একাদশের ধরা নিয়ম থাকে না এসব ম্যাচে। গতকাল চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের শুরুর ১১ জনে ছিলেন না রিশাদ হোসেন। ম্যাচের শুরুতে এ লেগ স্পিনারের ভূমিকা ছিল অতিরিক্ত ফিল্ডার। প্রথম সেশনের শেষ দিকে মাঠে নামেন রংপুরের এ তরুণ। দিন শেষে বিসিবি একাদশের সফলতম বোলার রিশাদ।
তার বোলিংয়েই তিন দিনের প্রস্তুতি মাচের প্রথম দিনে ২৫৭ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। ৭৯.১ ওভার ব্যাট করেছে ক্যারিবিয়ানরা। রিশাদ ২৩.১ ওভার বোলিং করে তিন মেডেনসহ ৭৫ রানে ৫ উইকেট নিয়েছেন। শেষ বিকেলে ৮ ওভার ব্যাট করে বিনা উইকেটে ২৪ রান তুলেছে বিসিবি একাদশ। সাইফ হাসান ১৫, সাদমান ইসলাম ৩ রানে অপরাজিত রয়েছেন।
প্রস্তুতি ম্যাচে স্পিনের বিপক্ষে উইন্ডিজদের খুব বেশি স্বাচ্ছন্দ্য হওয়ার সুযোগ রাখা হয়নি। বিশেষ করে বিসিবি একাদশে ছিল না কোনো বাঁহাতি স্পিনার। যা টেস্টে বাংলাদেশের মূল অস্ত্র হবে। এমএ আজিজ স্টেডিয়ামে উইকেটও স্পিন সহায়ক ছিল না। ঘাস ছিল কিছুটা। বিসিবি একাদশে অনভিজ্ঞ লেগ স্পিনার রিশাদসহ দুই অফস্পিনার সাইফ হাসান ও শাহাদাত হোসেন দিপু ছিলেন। বলা বাহুল্য তাদের স্পিনেই নাকাল হয়েছে সফরকারীরা। সাইফ, দিপু একটি করে উইকেট পেয়েছেন।
দিনের শুরুতে ডানহাতি পেসার খালেদ আহমেদ অবশ্য গতি, বাউন্স মিলে বেশ সমীহ আদায় করেছেন। ৩ উইকেট নিয়েছেন তিনি। মাঠে থেকে ক্রিকেটারদের পারফরম্যান্স দেখেছেন দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার।
ক্যারিবিয়ানদের মধ্যে ব্যাটিং অনুশীলনটা ভালো হয়েছে অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েটের। সাড়ে ৪ ঘণ্টা উইকেটে কাটিয়ে ৮৫ রান করেন তিনি। খালেদের বলে এলবির ফাঁদে পড়ায় সেঞ্চুরিটা পাননি নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া ব্রেথওয়েট।
গতকাল সকালে টসে জিতে ব্যাটিং করা উইন্ডিজদের ওপেনিং জুটি ভাঙেন দিপু। দলীয় ৬৭ রানে ফিরেন জন ক্যাম্পবেল। তিনি ৪৪ রান করেন। একপ্রান্ত আগলে রান পেয়েছেন ব্রেথওয়েট। দিনের ৭৩তম ওভারে আউট হন তিনি।
ছোটখাট টার্ন, গতি বৈচিত্র্য দিয়েই প্রতিপক্ষদের ভুগিয়েছেন রিশাদ। তার শিকার হয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মোজেলে, ব্ল্যাকউড। লোয়ার অর্ডারে কাইল মেয়ার্স, আলজারি জোসেফ ও শ্যানন গ্যাব্রিয়েলকেও ফেরান ১৮ বছর বয়সি এ লেগ স্পিনার। উইন্ডিজদের পক্ষে মোজেলে ১৫, জশুয়া দা সিলভা ২০, কাইল মেয়ার্স ৪০, আলজারি জোসেফ ২৫ রান করেন।