টিআইয়ের দুর্নীতি সূচকে বাংলাদেশের অবস্থান বিশ্বাসযোগ্য নয় :তথ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-টিআইয়ের দুর্নীতি ধারণা সূচকে পাকিস্তানের চেয়েও বাংলাদেশের খারাপ অবস্থান কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকায় সরকারি বাসভবনে সাংবাদিকরা সম্প্রতি বার্লিনভিত্তিক এনজিও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) পরিচালিত ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২০’-এ প্রকাশিত বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে প্রশ্ন করলে তার উত্তরে মন্ত্রী এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘অন্য এনজিওর মতো টিআই ও তাদের পরিচালনার জন্য যারা অর্থ যোগান দেয়, তাদের স্বার্থ দেখে। আর তাদের রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের চেয়ে বাংলাদেশে দুর্নীতি বেশি, এটা পাগলেও বিশ্বাস করবে না।’ সাংবাদিকদের মুখোমুখি হবার আগে চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য ড. হাছান তার নিজ উপজেলা রাঙ্গুনিয়ায় শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক উত্সব উদ্বোধনকালে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে নিজ দেশের ঐতিহ্য সংরক্ষণের শ্রেষ্ঠ চর্চা হিসেবে বর্ণনা করেন এবং বলেন, শিল্প-সংস্কৃতির চর্চা জঙ্গি ও উগ্রবাদী ধারণা থেকে মানুষকে মুক্ত রাখতে বড় ভূমিকা রাখে। রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন বড়ুয়ার সভাপতিত্বে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।