ধামরাইয়ে আওয়ামী লীগ নেতার বক্তব্যে এমপির বিরক্তি

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

মুজিববর্ষ উপলক্ষ্যে ধামরাইয়ে দেপাশাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল সোমভাগ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত যৌথ মতবিনিময় সভার আয়োজন করা হয়। অন্য নেতৃবৃন্দসহ নৌকার টিকিট প্রত্যাশী তিন জন নেতা এতে বক্তব্য রাখেন। অপছন্দনীয় ও বিরক্তিকর বক্তব্যের জন্য অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ সম্ভাব্য প্রার্থী আওয়ামী লীগ নেতা আ. লতিফকে থামিয়ে দেন। প্রার্থী প্রভাষক আওলাদ হোসেন তার প্রতিশ্রুতিমূলক বক্তব্য তুলে ধরেন। আরেক প্রার্থী সোমভাগের বর্তমান ইউপি চেয়ারম্যান মো. আজাহার আলী তার সময়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বিবরণ তুলে ধরেন। দলীয় সিদ্ধান্তের প্রতি তিনি তার আনুগত্য ও শ্রদ্ধাবোধের কথাও তুলে ধরেন। আওয়ামী লীগের জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।