মুন্সীগঞ্জ প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় বাসচাপায় পথচারী দুই হোটেল ব্যবসায়ী নিহত ও অপর একজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চাঁদপুর জেলার কচুয়া থানার আলী মিয়ার ছেলে ইসমাইল হোসেন ও একই থানার মুসলিম মোল্লার ছেলে আবুল কালাম মোল্লা। আহত ব্যক্তির নাম বেলাল। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাসিন্দা।
এসব তথ্য দিয়ে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাহ উদ্দিন জানান, সকালে জামালদী বাস স্ট্যান্ড এলাকায় বাসের জন্য অপেক্ষমাণ তিন যাত্রীকে কুমিল্লা থেকে ঢাকাগামী একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই জন নিহত ও আহত হন একজন। তাত্ক্ষণিকভাবে খবর পেয়ে বাসটিকে আটক করার চেষ্টা করলেও সেটা সম্ভব হয়নি। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহত বেলালকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।
নিহত ইসমাইল হোসেনের ভাই সুমন মিয়া জানান, হতাহতরা সবাই হোটেল ব্যবসায়ী। ভোরে হোটেলের মালামাল কিনতে ঢাকার যাত্রাবাড়ী আড়তে যাচ্ছিলেন তারা। কুমিল্লা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসকে থামার জন্য সিগন্যাল দিলে বাসটি তাদের ধাক্কা দিয়ে চলে যায়।