আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য পঞ্চম ধাপে ৩১ পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী আজ শনিবার ঘোষণা করা হবে। প্রার্থী চূড়ান্ত করতে বেলা ১১টায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা ডাকা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩১ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১৭৭ জন।
এদিকে, আজ শনিবার তৃতীয় ধাপে ৬৩ পৌরসভার ভোট। সূত্র জানায়, তিন ধাপের পৌরসভা ভোটে বিদ্রোহীদের মদতদাতাদের চিহ্নিত করার কাজ চলছে। তাদের শোকজ করা হতে পারে। পঞ্চম ধাপে ৩১ পৌরসভায় আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটের দিন রেখে গত ১৯ জানুয়ারি তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তপশিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২ ফেব্রুয়ারি। মনোনয়ন বাছাই ৪ ফেব্রুয়ারি এবং প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি। এ ধাপের সব পৌরসভায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। পঞ্চম ধাপে যে ৩১ পৌরসভা ভোট হবে সেগুলো হচ্ছে—চট্টগ্রামের মীরসরাই, বারইয়ারহাট, রাঙ্গুনিয়া ও রাউজান; জামালপুরের জামালপুর সদর, মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর; রাজশাহীর চারঘাট ও দুর্গাপুর; ভোলা সদর ও চরফ্যাশন; চাঁদপুরের মতলব ও শহরাস্তি; ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর; লক্ষ্মীপুরের রায়পুর, চাঁপাইনবাবগঞ্জের নাচোল, হবিগঞ্জ সদর, বগুড়া সদর, মানিকগঞ্জের সিঙ্গাইর, কিশোরগঞ্জের ভৈরব, যশোরের কেশবপুর, মাদারীপুর সদর, রংপুরের হারাগাছ, ব্রাহ্মণবাড়িয়া সদর, জয়পুরহাট সদর, মাদারীপুরের শিবচর, ময়মনসিংহের নান্দাইল, যশোর সদর ও গাজীপুরের কালীগঞ্জ।