রংপুরের পীরগাছায় জমিজমা-সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধের জেরে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় আব্দুল কাদের নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার গাবুড়া গ্রামের নেছাব উদ্দিন বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ঐ গ্রামের গফুর বাদশার সঙ্গে একই গ্রামের বকুল মিয়ার দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার দুপুরে স্থানীয় লোকজনের উদ্যোগে উভয়পক্ষের মধ্যে বিরোধ মিটানোর জন্য সালিশ বৈঠক বসে। বৈঠকে কথা কাটাকাটির একপর্যায়ে বকুল মিয়া ও তার লোকজন প্রতিপক্ষ গফুর বাদশার লোকজনের ওপর হামলা চালায়। এতে গফুর বাদশার পিতা আব্দুল কাদের গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়।
পীরগাছা থানার ওসি (তদন্ত) দেবাশীষ কুমার রায় বলেন, এ ঘটনায় সাইদুল মণ্ডল নামের একজনকে আটক করা হয়েছে।