নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা সংসদ সদস্য একরাম চৌধুরীকে উদ্দেশ্য করে বলেছেন, তিনি নোয়াখালীর অপরাজনীতির হোতা এবং টেন্ডার, চাকরি ও নিয়োগ বাণিজ্য করে লাখ লাখ টাকা কামিয়েছেন। নোয়াখালীতে আজ অস্ত্রবাণিজ্য চলছে, এই অস্ত্র দিয়ে ২৪ জন মায়ের বুক খালি করা হয়েছে। তারা লেখাপড়া করা ছেলেদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। তাই এক দফা, এক দাবি একরাম তুই কবে যাবি। তিনি বলেন, কবিরহাট ওবায়দুল কাদেরের নির্বাচনি এলাকা, সেই এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেন একরাম চৌধুরী। কোন ক্ষমতা বলে তিনি চেয়ারম্যান প্রার্থী দেন? চেয়ারম্যান প্রার্থী দিবে ওবায়দুল কাদের। একরাম টাকার বিনিময়ে প্রার্থিতা দিচ্ছেন। গতকাল শুক্রবার বসুরহাট রূপালী চত্বরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, আওয়ামী লীগ নেতা ও শিল্পপতি গোলাম শরীফ চৌধুরী পিপুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা আইয়ুব আলী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আমাকে দলের হাইকমান্ড নির্দেশ দিয়েছে আগামী রবিবার হরতাল প্রত্যাহার করার জন্য। আমি হাইকমান্ডের নির্দেশ মেনে পূর্ব ঘোষিত হরতাল ও ২ ফেব্রুয়ারি ঢাকার সংবাদ সম্মেলন প্রত্যাহার করে নিলাম। হাইকমান্ড আশ্বাস দিয়েছে নোয়াখালীর অপরাজনীতি তারা দেখবেন। যদি হাইকমান্ড সিদ্ধান্ত না দেয়, তাহলে আপনাদের সঙ্গে নিয়ে আন্দোলন অব্যাহত রাখব।